লিবিয়া থেকে আজ মঙ্গলবার (১৯ মে) ফেরত আসছেন ১৭০ জন বাংলাদেশি নাগরিক।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এসব নাগরিকদের ফেরত আনা হচ্ছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দূতাবাসের পক্ষ থেকে ত্রিপলীর তাজুরা এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার নিয়মিত পরিদর্শন করে বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে।
পরে দূতাবাস তাদের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করছে। এই প্রক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় উল্লেখিত ১৭০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ও ৩১ মে লিবিয়ার ডিটেনশন সেন্টারসমূহ থেকে আরও ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।