স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। লন্ডনের প্রতিদ্বন্দ্বী ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে টেবিলটপার লিভারপুল থেকে আরও পিছিয়ে পড়ল গানাররা। শনিবার ঘরের মাঠ এমিরেটসে আর্সেনালের আক্রমণভাগের বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে পারেননি। এ সুযোগ কাজে লাগিয়ে ১-০ ব্যবধানে চমকপ্রদ এক জয় তুলে নেয় ওয়েস্টহ্যাম।
ওয়েস্টহ্যামের জেরড বোয়েন ৪৪ মিনিটে কাছ থেকে হেড করে গোল করেন। যার ফলশ্রুতিতে লিগে ঘরের মাঠে প্রথম হারের তিক্ত স্বাদ অনুভব করে আর্সেনাল। আর্সেনাল পুরো ম্যাচে সফরকারী দলের গোলরক্ষক আলফনসো আরেওলার খুব বেশি পরীক্ষাও নিতে পারেনি। মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় মিকেল আরতেতার দল। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। বদলি নামা মাইলস লুইস-স্কেলি ওয়েস্টহ্যামের মোহাম্মদ কুদুসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।
২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করা আর্সেনাল শীর্ষস্থানীয় লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। লিভারপুরের পরের ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে আজ রোববার রাতে। প্রায় ১০ মাস পর ঘরের মাঠে প্রথম লিগ ম্যাচ হেরেছে আর্সেনাল। এর আগের অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল লন্ডনের ক্লাবটি। গানারদের সেই ভুলের সুযোগে শেষ পর্যন্ত টানা চতুর্থ লিগ শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ জিতলে লিভারপুলের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে কিছুটা চাপ তৈরি করতে পারতো আর্সেনাল। প্রত্যাশা ছিল এ কারণে যে, ওয়েস্টহ্যামের বিপক্ষে তারা আগের ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল।