স্পোর্টস ডেস্কঃ নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ শোনার পরেই ঘটনা অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। এবার সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশের পেসার সবাইকে অনুরোধ করেছেন গুজবে কান না দিতে।
নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে।
সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়।
এর আগে মারধরের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তাসকিন। দেশের এক গণমাধ্যমকে বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন।
তাসকিনের বিরুদ্ধে গতকাল রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। জানা যায়, ভুক্তভোগী সৌরভকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাসকিন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরে রাতেই থানায় অভিযোগ করেন সৌরভ।