দেশের অন্যতম পর্যটন স্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি রিসোর্ট পুড়ে গেছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের রিসোর্টগুলোতে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তবে সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
ইদ্র জিৎ চাকমা জানান, “এখন পর্যন্ত ২০টির বেশি রিসোর্ট ও রেস্টুরেন্ট পুড়ে গেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।” স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না।
স্থানীয়দের মতে, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউএনও শিরিন আক্তার ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করেছে। দুর্গম রাস্তার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছাতে দেরি হচ্ছে।
তিনি জানান, “দীঘিনালা, মাটিরাঙা, লংগদু, পানছড়ি, খাগড়াছড়ি সদর, রামগড় ও লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে দুর্গম রাস্তা ও পানির সংকটের কারণে অভিযান ব্যাহত হচ্ছে।”
এ ঘটনায় সাজেকের পর্যটন ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।