নিউজ ডেস্ক: চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
বুধবার (১৮ জুন) সকালে তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে সকাল ৯টার পরপরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এসব মামলায় মোট সাতটি রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিটি মামলায় দুই থেকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে চকরিয়া থানার মামলা পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি।
জাফর আলমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জাফর আলমের পক্ষে শুনানিতে অংশ নেন একাধিক আইনজীবী।
এদিকে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর থেকে তার মুক্তির দাবিতে চকরিয়ার বিভিন্ন স্থানে তার মিছিল ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা।