Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা

BN DESK
04 February 2026, 12:19 AM পড়তে ১ মিনিট

ফৌজদারি মামলায় কারাবন্দী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির কার্যক্রম সচল রাখতে নতুন করে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত ওই আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ড. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একই তারিখের একটি প্রজ্ঞাপনের আলোকে ড. সাফিকুর রহমানের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. হুমায়রা সুলতানাকে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অফিস আদেশে আরও বলা হয়, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী ড. হুমায়রা সুলতানাকে নির্দেশক্রমে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

নিয়োগ সংক্রান্ত এই অফিস আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা

B
BN DESK | 03 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার