সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাভারের হেমায়েতপুর ও রেডিও কলোনি ইউটার্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ জানান, ঢাকার কামরাঙ্গীচর থেকে মোটরসাইকেলে করে বাবা-ছেলে বগুড়া যাওয়ার পথে সাভারের হেমায়েতপুর এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আনোয়ার শরিফ এবং গুরুতর আহত হন ছেলে তাসিন শরিফ রুপম।
এদিকে মধ্যরাতে ওই সড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
সাভার হাইওয়ে থানার ওসি আরও বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।