উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাগঞ্জের উল্লাপাড়ায় পুলিশি অভিযানে কর্মকান্ড নিষিদ্ধ ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ, দুর্গানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডু এবং বাঙ্গালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আসলাম প্রামাণিক।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের মধ্যে হেলাল উদ্দিন আকন্দ, তৌহিদুর ইসলাম ফিরোজ এবং রফিকুল ইসলাম ঠান্ডুকে গত বছর জুলাই গণঅভ্যুত্থানে উল্লাপাড়ার জাহাঙ্গীর হোসেন হত্যাকান্ডের মামলার আসামি হিসেবে এবং আসলাম প্রামাণিককে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।