কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে কাজিপুর উপজেলা বিএনপি।
আজ শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় টর্নেডোয় ক্ষতিগ্রস্থ এলাকায় চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঘরবাড়ি হারানো ১১ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ১০ টি পরিবারকে দুই হাজার করে টাকা প্রদান করা হয়। বিতরণকালে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, বিএনপি জনগণের ভালোবাসার দল। তাই ক্ষতিগ্রস্থ জনগণের সহায়তা করতে আজকে গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ বিতরণ করা হলো।
মানবিক এই সহায়তা কার্যক্রমে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ সভাপতি এড. রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।