কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ৭টি মোবাইল ফোনসেটসহ রাজিবুল হাসান ওরফে রাজিব (২১) নামের একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আব্দুস সালামের ছেলে। গতকাল রোববার রাতে নাটুয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজিব গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারে সংগঠিত মোবাইল ফোন চুরির মূলহোতা। ওই চুরির ঘটনায় গত ৩০ এপ্রিল কাজিপুর থানায় একটি মামলা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবি সিদ্দিক জানান, তদন্তে ফোন চুরির অন্যতম পরিকল্পনাকার হিসেবে রাজিবের নাম জানতে পারি। গত রোববার রাতে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ পিস চোরাই ফোনসেটসহ গ্রেফতার করা হয়।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে তাকে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী মোহাম্মদ আলীর দোকান ঘরের টিনের চাল কেটে ভিতরে ঢুকে চোরেরা ২শ’ পিস মোবাইল ফোনসেট নিয়ে যায়।