কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে ইসমাইল হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে কালাই পৌরশহরের পাঁচশিরা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন পাঁচশিরা মহল্লার আল আমিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, শিশু ইসমাইল বেলা ১১টার দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। সবার অগোচরে সে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।
পরিবারের লোকজন শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।