মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বড় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মে) রাত ১০টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাইয়ের নাম তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫)। তারা বর্মতোল গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।
ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দিনভর ভুট্টা ভাঙার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে ঠিক করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অপমৃত্যুর ডায়রি হয়েছে। এভাবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক।