নিউজ ডেস্ক: মাদারীপুরে সড়কে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের বস্তা থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে পৌর শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শহীদ মহসিন সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করে। সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে অস্ত্র ও গুলি আদালতে পাঠায় পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন সাংবাদিকদের জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিভাবে সড়কে এলো সে বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।