নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বালুর মাঠের সীমানা প্রাচীরের পাশ থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন।
মৃত তরুণের নাম শফিকুল ইসলাম। তিনি দক্ষিণ মিজমিজি এলাকার মনির হোসেনের ছেলে। তবে মৃত তরুণীর নাম ও পরিচয় পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, স্থানীয়রা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। মৃত তরুণীর আঁচল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।