স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামীর। অবশেষে র্যাব গতকাল রোববার রাতে গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক কাহালু উপজেলার গোয়ালপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান,বগুড়ার কাহালু উপজেলার গোয়ালপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম এলেমা বেগম আর দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বিবি। রাজ্জাক যৌতুকের দাবিতে তার প্রথম স্ত্রী এলেমাকে নির্যাতন করে আসছিল। এই ধারাবাহিকতায় ২০০৭ সালের ২৪ ডিসেম্বর রাজ্জাক তার প্রথম স্ত্রী এলেমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
তবে ওই ঘটনায় সেদিন কাহালু থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। কিন্তু মরদেহের ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়ায় নিহত এলেমার ভাই হাফিজার রহমান তার ভগ্নিপতি রাজ্জাক ও মনোয়ারাসহ ছয় জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন।
আদালত ওই মামলাটিকে এফআরআই হিসেবে গ্রহণ করতে কাহালু থানার ওসিকে নির্দেশ দেন। এরপর পুলিশ তদন্ত শেষে রাজ্জাক ও মনোয়ারার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। এরপর ২০২১ সালে আদালতে বিচারক আসামি রাজ্জাককে ফাঁসির আদেশ দেন এবং মনোয়ারাকে খালাস প্রদান করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এই মামলায় আব্দুর রাজ্জাক ৫ বছর জেল খেটে জামিনে বের হয় এবং আবারও বিয়ে করে ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করছিল। গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো।
কিন্তু র্যাব বিষয়টি জানতে পেরে তাকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। অভিযানকালে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।