মফস্বল ডেস্ক : পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নাদিম হোসেন (২৪) ও এমাম হোসেন (২২)। নাদিম ও এমাম ওই গ্রামের মো. আয়নাল হকের ছেলে।
বলদিয়া ইউপি ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইঁদুর নিধনের জন্য তার জমিতে বৈদ্যুতিক সংযোগ দেন। শুক্রবার রাতে নাদিম ও এমাম পাখি শিকার করতে বের হয়। একপর্যায়ে ইঁদুর নিধনের জন্য ওই জমিতে পেতে রাখা ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তারা উড়িবুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে শ্রমিকের কাজ করত।
নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।