Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইমাম—খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

BN DESK
02 September 2026, 10:30 AM পড়তে ১ মিনিট

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ শনিবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো টেলিফোন, কখনো মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র—সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন—ভাতা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা দেওয়ার কথা বলে যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তাহলে সেটি প্রতারণার অংশ হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নিতে হবে। পাশাপাশি প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা এবং ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা দুঃখজনক ও নিন্দনীয়।


সবার সহযোগিতা ও সচেতনতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশন ইমাম, খতিব, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

ইমাম—খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

B
BN DESK | 11 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার