নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় পল্লী বিদ্যুতের দৌলতপুর জোনাল অফিসের সাব-স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্স প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘‘ধারণা করছি, সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু তার চুরিও হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কিনা সেটা তদন্তের পরে বলা যাবে।’’