খুলনায় মসজিদের বারান্দায় ডালিম গাজি নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় হরিণটানা কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ডালিম গাজি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির সন্তান এবং পেশায় দিনমজুর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার শহর সংলগ্ন কৈয়া বাজার জয়খালী ব্রিজ এলাকায় বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় ভোরে নামাজে আদায়ের জন্য এসে মুসল্লিরা ওই দিনমজুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে ইট পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডের পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা সকালে নামাজে এসে মসজিদের বারান্দায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মরদেহ উদ্ধার করে।