ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ভারতীয় পরিচয়পত্রসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হ্যাপি গফরগাঁও পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিলাসী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড), বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন, এমন খবরে যৌথ বাহিনী অভিযান চালায়। নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেপ্তার করা হয়।
ওই নারী অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর যৌথ বাহিনী ওই নারীকে গফরগাঁও থানায় হস্তান্তর করেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।