মফস্বল ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগা গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। ওই সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন।