চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
চীন সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যে, কয়েক বছরে চীন অন্য এক উচ্চতায় পৌঁছেছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শক্তি দিয়ে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকেও দুই দলের মধ্যে সংলাপের জন্য সিপিসিকে দাওয়াত করা হয়েছে বলে জানান তিনি।
সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদল। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক বিদায় জানান। ২৩ জুন চীনে যায় বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল।