মফস্বল ডেস্ক : মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুড়া গ্রামে কুড়ালের আঘাতে বাবাকে হত্যা করেছে ছেলে নোমান। গত রোববার রাতে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নোমান হোসেন পলাতক রয়েছে। নিহত বাবার নাম মামুন মিয়া । সোমবার (২৫ নভেম্বর) মামুন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম জানান, নোমান হোসেনের সঙ্গে সোজানগর এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের বিয়ের বিষয়টি সাব্যস্ত হয়। মেয়ে পক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করাতে তার বাবা মামুন মিয়া এ বিয়েতে আপত্তি করেন। এ নিয়ে রোববার রাতে ছেলে নোমান হোসেনের সঙ্গে মামুন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে কুড়াল নিয়ে তার বাবাকে আঘাত করে। এ সময় বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় মামুন মিয়াকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অভিযুক্ত নোমান হোসেন ঘটনার পর থেকেই পলাতক আছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।