জামালপুরের মেলান্দহে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. কালু মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শাহজাতপুর ইউনিয়নের বরকতের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালু মিয়া মেলান্দহ উপজেলার দিঘলবাড়ী গ্রামের প্রয়াত আসাদুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং তার শ্রবণশক্তিও অত্যন্ত দুর্বল ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি বরকতের মোড় এলাকা পৌঁছালে কালু মিয়া হঠাৎ রেললাইনের ওপর চলে আসেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।