নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় থেমে থাকা অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কে থেমে থাকা অটোরিকশাকে একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে চালক ছিটকে খাদে পড়ে যান। এতে মাহিন্দ্রার সব যাত্রীও আহত হন। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা আমাদের হেফাজতে রয়েছে।