Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

BN DESK
17 March 2026, 11:33 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থবছরে ৭টি খাল খননের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৬ মার্চ) পৌরসভার জারি করা নোটিশে উল্লেখ করা হয়, ঠিকাদার ৭টি খালের মধ্যে ৬টির কাজ আংশিকভাবে শুরু করলেও কোনোটিই সম্পূর্ণ খনন শেষে হ্যান্ডওভার বা কমপ্লিশন সার্টিফিকেট পৌরসভাকে প্রদান করেনি। বাকি ১টি খালের কাজ শুরুই করা হয়নি।

নোটিশ সূত্রে জানা গেছে, বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার ২টি খাল আংশিক খনন করেন। কিন্তু তা হস্তান্তর না করে অন্য খালগুলো খননে কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা থেকে সম্পাদিত কাজের বিল হিসেবে ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা প্রদান করা হয়েছে। তবে খাল খনন সম্পূর্ণ না হওয়ায় পৌর এলাকায় জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এছাড়া ঠিকাদার কাজ শতভাগ সম্পন্ন না করেই চূড়ান্ত বিলের আবেদন করেছেন এবং বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকিও দিয়েছেন।

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী বলেন, ঠিকাদারকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

এ বিষয়ে আজমির বিল্ডার্স লিমিটেডের প্রোপাইটার মো. সরোয়ার হোসেন জানান, কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ইতোমধ্যে এক বছর এক মাস অতিবাহিত হয়েছে। এতদিন পর হঠাৎ একটি নোটিশ জারি করা যৌক্তিক মনে হয় না। আমরা সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজও সম্পন্ন করেছি।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার