নিউজ ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।
ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহজাহান ওমর মোবাইলে বলেন, আমি বরিশালে আছি। শুনেছি, সন্ধ্যার পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে।