মফস্বল ডেস্ক : চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফ’র চাল বিতরণের কার্ড নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে মো. রফিক (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের অন্তত চারজন। আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. রফিক তিতুদহ গ্রামের রহিম মল্লিকের ছেলে। তিনি ওই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে তিতুদহ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণের কার্ড দেওয়া নিয়ে সংঘর্ষ হয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিলন মিয়া গ্রুপ ও রফিক গ্রুপের মধ্যে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে রফিকের ওপর হামলা চালায় মিলন গ্রুপের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়াও আহত হন-রফিকের ছোট ভাই শফিক, বিএনপি নেতা মিলন, টোটন ও রফিকুল। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিতুদহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি ঈসমাইল হোসেন জানান, ভিজিএফ’র কার্ড বিতরণ নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। আজ ইউনিয়নে বসে বিষয়টির মীমাংসা করার কথা ছিল। এর মধ্যে সংঘর্ষ হয়ে রফিক মারা গেল। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে রফিক নামে একজন নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।