নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া মাফরুহীন খান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে প্রাইভেটকার চাপায় রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভবের বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতাবস্থায় অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ওসি বলেন, ‘‘মোটরসাইকেলযোগে দুই জন কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যায় পূর্বধলা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রতন মিয়া ঘটনাস্থলেই মারা যান।’’