শেরপুরের ঝিনাইগাতীর জুলগাঁও নয়াপাড়ায় মজনু মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে। বিষয়টি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, মজনু মিয়া পেশায় একজন মৎস্যজীবী। তার বাবা জিয়ারুল হক, মা এবং বড় ভাই কর্মসূত্রে ঢাকার আশুলিয়া থাকেন। একই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন। গতকাল রাতে বাজার থেকে ফিরে খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায় মজনু। শনিবার ওই গ্রামের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। স্মার্টকার্ড সংগ্রহের জন্য আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সবাই বাড়িতে আসেন। মজনুর মা ছেলে মজনুর খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের ধরনায় মজনুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ জানান, পরিবারের লোকজন এটিকে আত্মহত্যা বলে ধারনা করছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে, এ কারণ জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।