নেত্রকোণার আটপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার নেত্রকোণা-মদন সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত কামরুজ্জামান কামাল (৫১) আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের বাসিন্দা। আহতদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, আজ সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোণা শহর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে সড়কের বাগজান এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। গুরুতর আহত হন আরও দুজন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।