দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়া উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার(৫ এপ্রিল) সকালে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরীর বাড়িতে অস্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করা হয়।
এ সময় জেলার সিভিল সার্জন গোলাম মাওলা নাঈম ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, প্রথম দিনে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের ১১টি কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা প্রদান শুরু হয়েছে। চলবে টানা তিন সপ্তাহ। প্রতিটি ওয়ার্ডে টিকাকেন্দ্রের মাধ্যমে ১৭ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম দিনে বানিয়াজান, দুওজ ও সুখারি ইউনিয়নের ১১টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হয়। পরের দিন বাকি চারটি ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে দেওয়া হবে। পর্যায়ক্রমে ১৬৮টি অস্থায়ী টিকা কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, এ পর্যন্ত নেত্রকোনার আটপাড়ায় তিন জনের হাম ধরা পড়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব আটপাড়ায় ধরা পড়ায় এই এলাকাকে আগে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া জেলায় উপসর্গ নিয়ে মোট ৯৭ জন চিকিৎসা নিয়েছে। তারা সুস্থও হচ্ছে।
হামের বিষয়ে আতঙ্কিত না হয়ে শিশুদের পুষ্টি খাবার খাওয়ানোর তাগিদ দেন গোলাম মাওলা নাঈম।