Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

BN DESK
15 May 2026, 08:03 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মদনে পাচারের সময় সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

আটক দুজন হলেন ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলার মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ টন চাল ছিল। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে ঘটনাটি জানায়। পরে খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ট্রাকটি থামিয়ে চালানের কাগজপত্র যাচাই করা হয়।

প্রশাসনের দাবি, ট্রাকচালক সরকারি চাল পরিবহনের বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে চালক ও তার সহকারীকে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাদ্যশস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সঠিক তদারকির অভাবে মাঝেমধ্যে সরকারি চাল পাচারের চেষ্টা হয় বলে তাদের দাবি।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার