পিরোজপুরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ড পাওয়া আসামি জেলার ভান্ডারিয়া উপজেলার মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুন স্কুলছুটির পর বাড়ি ফিরছিল ভুক্তভোগী স্কুলছাত্রী। পথে শামীম জোরপূর্বক ধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে। পরদিন ১২ জুন ভান্ডারিয়া থানায় শামীমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার। ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র্যাব শামীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আদালত ওই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার মামীম।