বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের পর তিনি এ নির্দেশ দেন।
এসময় এম শাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় পণ্যবোঝাই ট্রাক এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। একই সঙ্গে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্যবোঝাই ট্রাকগুলোও এ ইয়ার্ডে অবস্থান করবে। প্রবেশ ও বাহির হওয়ার সময় স্কেলে ট্রাকগুলো ওজন করা হবে। ফাঁকির কোনো সুযোগ থাকবে না।
পাসপোর্টযাত্রীদের দুর্ভোগের বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা একটি মাস্টার প্ল্যান তৈরি করছি। যাত্রীদের আর কাকের মতো বাইরে বসে থাকতে হবে না। এক কিলোমিটার জায়গা নিয়ে বড় ধরনের একটি যাত্রী টার্মিনাল তৈরি করা হবে। সেখানে বসা, খাওয়ার জায়গাসহ সব সুযোগ-সুবিধা থাকবে। বাস থেকে নামার পর চেকপোস্টে যাত্রীদের নানাভাবে হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনালে একসঙ্গে ১২০০-১৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন।