ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে শুক্রবার দুপুরে ভ্যান ও অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর জেরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব ঘটনাস্থলে সাঁজোয়া যান নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি রাতেই শান্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’