মফস্বল ডেস্ক : মেহেরপুর শহরের শেখপাড়ায় স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে খালাতো ভাই। মঙ্গলবার (৫ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় রিকশাচালক ছিলেন। তিনি শেখপাড়ার রিয়াসিন আলীর ছেলে। অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, তার স্বামী সন্ধ্যার পর বাড়িতে এসে গোসল করছিলেন। এসময় হঠাৎ করে কালু পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কালু ও সংশ্লিষ্ট নারী আত্মগোপনে রয়েছে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।