Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মন‌সিং‌হে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

BN DESK
04 September 2026, 05:48 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ নগরীতে স্বামীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে বহুল আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মত দেন। এর ভিত্তিতে আফরোজা শেখ ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি বিচার চলাকালে হাজতে থাকা সময় সাজার মেয়াদের সঙ্গে সমন্বয়ের নির্দেশও দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, নগরীর বাঁশবাড়ি কলোনি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম সপু প্রথমে মাহমুদা আক্তার কুমুকে বিয়ে করেন। ওই সংসারে তাদের একটি ছেলে রয়েছে। পরে আফরোজা শেখ ইতিকে দ্বিতীয় বিয়ে করলে দুই স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহ চলছিল।

অভিযোগে বলা হয়, প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে আফরোজা শেখ ইতি প্রায়ই স্বামীকে হুমকি ও মানসিকভাবে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যা থেকে ১৩ জুনের মধ্যে কোনো একসময় ইতি, তার ভাই দীন ইসলাম এবং অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর সহায়তায় শ্বাসরোধ করে শফিকুল ইসলাম সপুকে হত্যা করেন। হত্যার পর ঘটনাটি গোপন করতে লাশ নগরীর আকুয়া এলাকার একটি পচা পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়। ১৩ জুন স্থানীয়রা পুকুরে মানুষের একটি হাত ভাসতে দেখে পুলিশে খবর দিলে কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়ে আদালত আরও উল্লেখ করেন, একই ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ২০১ ধারায় পৃথক কোনো সাজা দেওয়া হয়নি। এছাড়া আদায়কৃত জরিমানার অর্থ থেকে মামলার ব্যয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অবশিষ্ট ৫০ হাজার টাকা ফৌজদারি কার্যবিধির ৫৪৫(১)(বি) ধারা অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে বাদী নুরুন্নাহারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার পর আদালত সাজা পরোয়ানা জারি করে দণ্ডপ্রাপ্ত আফরোজা শেখ ইতিকে সাজা ভোগের জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মন‌সিং‌হে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার