নিউজ ডেস্ক; যশোরের ঝিকরগাছার উপজেলার ছুটিপুর-কায়েমকোলা সড়কের জামতলা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব হোসেন (১৯) নামে অপর যুবক আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দিপু চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহত রাকিব একই উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, দিপু ও রাকিব মোটরসাইকেলে করে কায়েমকোলা বাজার থেকে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। জামতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দিপু ও রাকিব গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।