ময়মনসিংহে ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্কের বিপরীতে ব্রহ্মপুত্র নদের চরে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা যায়, বুধবার বিকেলে বন্ধু রিফাতকে নিয়ে ব্রহ্মপুত্রের চরে ঘুরতে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। মারধরের একপর্যায়ে প্রাণ বাঁচাতে দুজন দুই দিকে দৌড় দেন। রিফাত ফিরে এলেও শাওন নিখোঁজ হন। দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তাকে পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাওয়া খেয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
এদিকে শাওনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২-৩ শত শিক্ষার্থী ময়মনসিংহ টাউন হল চত্বর অবরোধ করেন। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা প্রশাসনের কর্মকর্তাদের গাড়িও তারা আটকে দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে।