সাতক্ষীরা সদর উপজেলায় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ।
গতকাল রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রাম থেকে লরিটিকে জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে খুলনা থেকে যমুনা ওয়েল কোম্পানির ৭ হাজার লিটার পেট্রোল নিয়ে লরিট সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দোকানে (খোলা বাজারে) সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০টার দিকে লরিটি সদর থানার গাবা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা লরিটিকে তেলসহ আটকে রেখে পুলিশে খবর দেয়। সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তেলের কোনো বৈধ চালান বা দাপ্তরিক নথিপত্র না পেয়ে ৭ হাজার লিটার পেট্রোলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে এই তেল নেয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তেল ও লরিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।