সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিরুরপাড় বিলের বন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কান্দিরগ্রাম উত্তরপাড়া গ্রামের রাজুল ইসলাম (২৫) ও একই উপজেলার চিরুরপাড় গ্রামের আব্দুল হালিম (২২)। আহতের নাম রাজুল ইসলামের ছোট ভাই কিবরিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হাল চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে রাজুল ইসলাম, আব্দুল হালিম ও কিবরিয়া কান্দিরগ্রাম থেকে চিরুরপাড় এলাকার দিকে যাচ্ছিলেন। বিলের বন এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।
এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাজুল ইসলাম ও আব্দুল হালিম মারা যান। এসময় কিবরিয়াকে আহতাবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, ডোবায় পড়ে শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।