মফস্বল ডেস্ক : সিলেটে নগরীতে নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাতে নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকার নিজ বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চারখাইবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন শাহাব উদ্দিন। বাসার কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে স্থানীয় এক ভাই এসে জানান, বাবাকে কারা যেন আটকে রেখেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড় ও গলায় তিনটি কোপের চিহ্ন ছিল। পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছিল। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, কারও সঙ্গে তার স্বামীর কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ ছিল না। দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহাব উদ্দিনের এক ছেলে ফ্রান্সে থাকেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোবারক হোসেন জানান, লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।