বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এনসিপি সারা দেশে প্রোগ্রাম দিয়েছে জনসংযোগের। হঠাৎ তারা প্রোগ্রাম দিল মার্চ টু গোপালগঞ্জ, যা একদিনের ব্যবধানে পরিবর্তন। এটি খতিয়ে দেখা দরকার। তারা গোপালগঞ্জে কীভাবে গেলেন, কীভাবে বেরিয়ে আসলেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
এনসিপির উদ্দেশে তিনি বলেন, মুজিববাদের যদি কবর দিতে হয়, গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই। মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। মুজিববাদের কবরতো ৭২,৭৩, ৭৪, ৭৫ ও গত ১৭ বছর শেখ হাসিনাই দিয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশদি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী প্রমুখ।