মফস্বল ডেস্ক : পারিবারিক ঝগড়াঝাটির সময় ভাগ্নের লাঠির আঘাতে মামা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তর ইলিশা গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে। আপন বোনের ছেলে ভাগ্নে রিপন বেপারী (২৮) একই গ্রামের বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বলেন, দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহ হয়। এসময় ভাগ্নে রিপন লাঠি দিয়ে মামা আনিস খা মাথায় সজোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায় সে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।