মফস্বল ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে নাজমা আক্তার (৩৫) নামে চার সন্তানের এক জননীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারিআনি পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
নান্দাইল থানার উপ-পরিদর্শক মো. সুজন মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, রাতে পরিবারের সদস্যদের সাথে খাওয়া শেষে রাত ১০টার দিকে পান কিনতে বের হয় গৃহবধূ নাজমা আক্তার। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।