স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে আইসিসি’র পূর্ণ সদস্য হওয়ার পর একের পর এক চমক দেখিয়েছে আফগানিস্তান। চলতি বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও খেলেছে দেশটি। সেই দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথান ট্রট। এই ইংলিশ কোচের সঙ্গে আরও এক বছরের চুক্তির করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। সেই বিশ্বকাপে সেরা আটে থেকে গ্রুপ পর্ব শেষ করায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও কাটে তারা। এরপর চলতি বছর শারজায় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে তারা। আর এই সবকিছুর পেছনে ছিলেন ট্রট। এই ইংলিশ কোচের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করেছে এসিবি।
ট্রটের সঙ্গে নতুন চুক্তির পর এসিবি বলেছে, সাফল্যের আড়াই বছরের মেয়াদের পরে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্তটি এসেছে, এই সময়ে তিনি দলের অগ্রগতি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।২০২২ সালে আফগানিস্তানের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ম্যাচের ১৪টি এবং ৪৪টি টি-টোয়েন্টির মধ্যে ২০টিতে জিতেছে। আগামী ১১ ডিসেম্বর শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সেই সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দুইটি টেস্ট খেলবে দুই দল।