স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার পর দলের কঠোর সমালোচনা করা ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসকে একহাত নিলেন তাদের সতীর্থ রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান এই দু’জনের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
জিও নিউজে রশিদ বলেছেন, ‘পাকিস্তানকে আরেকটি (১৯৯২-এর পর) বিশ্বকাপ জিততে ১৭ বছর লেগেছে। কারণ, নব্বইয়ের দশকের খেলোয়াড়েরা পাকিস্তান ক্রিকেটের যা-তা অবস্থা করেছে। নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দল এবং ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে। তারা তো অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি, এখন তাদের বিশ্রাম নেওয়া উচিত।’ ওয়াসিম ও ওয়াকারের ওপরই রশিদের ক্ষোভটা বেশি। দুই কিংবদন্তি পাকিস্তানি পেসার দুবাই থেকে টেলিভিশন শো করছেন বলে রশিদ নিজের ইউটিউব চ্যানেলে তাদের ‘দুবাই বয়েজ’ হিসেবে উল্লেখ করেছেন। রশিদের দাবি, টাকা দিলে এই দুই ক্রিকেটার নাকি যেকোনো কিছু করতে পারেন। তিনি বলেছেন, ‘দুবাইয়ের ছেলেরা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। এখন তারা একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ তারা তাদের পুরো ক্যারিয়ারজুড়ে একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। অদ্ভুত মানুষ এরা! তাদের সামনে টাকা ফেলুন, তারা সবকিছু করতে রাজি।’

এর আগে নব্বইয়ের দশকের খেলোয়াড়দের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। তিনি বলেছিলেন, ‘১৯৯০-এর দশকে যারা খেলেছেন, আমি তাদের অনেক বড় ভক্ত। কিন্তু লিগ্যাসির কথা বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা আইসিসি’র কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি-১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরে গেছেন। একবার ফাইনালে (১৯৯৯ বিশ্বকাপ) উঠেছিলেন, কিন্তু বাজেভাবে হেরে গেছেন।’