ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানাঘাট বাজার এলাকায় ফুলকুমর নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড ও নদের তীরবর্তী এলাকার কয়েকটি পরিবারের বাড়িঘর।
জানাগেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী দীর্ঘদিন থেকে থানাঘাট বাজারের পাশে দুধকুমর নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এরফলে থানাঘাট বাজারের হাটসেড ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি বাড়িঘর হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রেজিয়া বেগম ও মলিদা বেগম বলেন, নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে। বালু তুলতে নিষেধ করা হলেও এরা কোন কথাই শুনছেন না। তারা বলেন, বালু উত্তোলনকারী প্রভাবশালী হওয়ায় ইউপি চেয়ারম্যানও কোন উদ্যোগ নিচ্ছেনা। তারা তাদের ঘরবাড়ি ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বলেন, নদের দু’তীরের জমি আমাদের। আমাদের নিজস্ব জমি থেকে বালু তুলে বিক্রি করছি। পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।