রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি বসতঘরসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঘড়িয়াডাঙা ইউনিয়নের চর নাখেন্দা গ্রামে মাহবুব আকন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানান, বৈদ্যুতিক শর্টসাকির্ট হয়ে একটি বসতঘরে আগুন লাগার পর মুহূর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পর পর ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, খাট, আলমারি, স্যুটকেস, খাদ্যশস্যসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারও আগুনে ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে দু’টি গরু ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। এলাকাবাসীরা জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আগুনের লেলিহান শিখা দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।